ইসলাম টাইমস ডেস্ক: শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কোথাও কোথাও পোলিং এজেন্ট নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু বর্তমানে এটা কোনো সমস্যা নয়। ইভিএম পদ্ধতিতে পোলিং এজেন্ট না থাকলেও চলে। কারণ ইভিএম নিজেই পাহারাদার। আঙুলের ছাপ না দেয়া পর্যন্ত ভোট হবে না।
আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, দিনের শুরুতেই বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন যে অভিযোগ করেছেন, এটা একেবারে ডাহা মিথ্যাচার করেছেন। উনি বলেছেন, তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে। অথচ একই দলের নেতা মির্জা আব্বাস ভোট দিয়ে এসে বলেছেন, তার কেন্দ্রে তিনি বিএনপির পোলিং এজেন্টকে দেখতে পেয়েছেন।
সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপ মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুত স্বপন, সাখাওয়াত হোসেন শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
















