ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম দেশগুলোর বৈশ্বিক জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান করেছে।
আজ সেমাবার সৌদি আরবের জেদ্দা শহরে সোমবার এক জরুরি বৈঠক করে এ ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান করা হয়।
বৈঠক শেষে বিবৃতিতে ওআইসি জানিয়েছে, তারা জোটের সব সদস্য রাষ্ট্রকে এই পরিকল্পনার সঙ্গে জড়িত না হওয়া এবং পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিন নেতৃত্বের অনুরোধে সোমবার জরুরি বৈঠকে বসে ওআইসি। এর দুদিন আগে গত শনিবার একইভাবে এক জরুরি বৈঠক শেষে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তা বাস্তবায়নে কোনোভাবে সহযোগিতা না করার আহ্বান জানায় ২২ আরব দেশের সমন্বয়ে গঠিত জোট আরব লীগ।
ফিলিস্তিন সমস্যা নিরসনে ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নামে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প যে রূপরেখা উন্মোচন করেছেন সেটাকে একপাক্ষিক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে আরব লীগ। মিসরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠক শেষে গত শনিবার এই জোট ট্রাম্পের চুক্তিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। আল জাজিরা।
















