ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দুই সিটিতে ভোটের দিন বিএনপির যে সকল নেতৃবৃন্দ কেন্দ্রে ছিলেন না বা ভোট দিতে যাননি তাদের দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। এসব নেতাদের চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা হচ্ছে।
মহানগর নেতাদের ভূমিকা নিয়ে বেশ ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড। ভোটকেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা দিলেও ওই দিন মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের বেশিরভাগই মাঠে ছিলেন না।
এ ব্যাপারে দায়িত্ব পাওয়া নির্বাচন সমন্বয় কমিটি কাজ শুরু করেছে। ভোটের দিন কার কি ভূমিকা ছিল, কে কোথায় ছিলেন- এসব বিষয় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট নেতাদের ওপর একটি প্রতিবেদন তৈরি করবে এ কমিটি।
এরপর ওইসব নেতাদের ভোটকেন্দ্রে না যাওয়ার কারণ জানতে চেয়ে শোকজ করা হতে পারে। যাদের জবাব সন্তোষজনক হবে না, তাদের দল থেকে বহিষ্কার করা হতে পারে। এরপর সময়-সুযোগমতো ভেঙে দেয়া হতে পারে মেয়াদোত্তীর্ণ মহানগর কমিটিও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
















