ইসলাম টাইমস ডেস্ক: ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে কমান্ডারদের সঙ্গে এক বৈঠকের সময় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মীর (জম্মু-কাশ্মীর) স্বাধীন হবে এবং কাশ্মীরি জনগণের আন্দোলন সফল হবে। জাতিসংঘ কাশ্মীরি জনগণের যে অধিকারের কথা বলেছে তা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না ভারত। কাশ্মীরের স্বাধীনতা আসবেই।
বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকদিন আগে করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করেন কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, ভারতীয় নেতাদের বক্তব্য এই অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে। এ সময় বৈঠকে উপস্থিত কমান্ডাররা ভারতের যে কোনো হামলা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
















