ইসলাম টাইমস ডেস্ক: সেনা কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে থাইল্যান্ডে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা শহর যা কিনা কোরাট নামে পরিচিত, সেখানে এই ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই কর্মকর্তা প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে হত্যা করে। পরে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালায়।
এই ঘটনার সময় ওই সেনাকর্মকর্তা ফেসবুকে লাইভ করে। তাছাড়া অস্ত্র হাতে সেলফিও তুলে। এরপর ফেসবুকে পোস্ট দেয়। সন্ধ্যার ৭টা ২০ মিনিটে করা ওই পোস্টে লিখে, আমি খুব ক্লান্ত।
সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থান্যা ক্রিয়াটিসরন বলেন, আক্রমণকারীর নাম জাকরাফান্থ থোম্মা। সুরথহামপিঠক ক্যাম্পের সিপিএল হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
















