ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁওয়ে জমি দখলের জন্য রাতের আঁধারে অবৈধভাবে মূর্তি বসিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেন জগদিশ ওরফে জগ রাম। রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নে ভাংবাড়ী বিলের আবাদি জমিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রী পবেন্দ্র ওরফে টুনু রামের ছেলে জগদিশ ওরফে জগ রাম আবাদি জমি নিজ দখলে নিতে সম্প্রতি রাতের আঁধারে মূর্তি বসান। জমি দখলের এ অভিনব ঘটনায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে আবু সুফিয়ান নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘প্রায় বিশ বছর যাবৎ এক নম্বর খাস খতিয়ানের ৪৭৩৫-৩৬ দাগের ৫১ শতাংশ এই জমি শ্রী পবেন্দ্র ওরফে টুনু রামের নিকট থেকে ক্রয় করেছি’।
এদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘ফোনে আমি বিষয়টি জেনেছি, আশা করি বিষয়টি নিয়ে বসে সমাধান করা হবে’। ওই ইউনিয়নের বাসিন্দা রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ জানান, ‘আমিও বিষয়টি শুনেছি। এ বিষয়ে আবু সুফিয়ান আমার নিকট অভিযোগ করেছেন’।
















