ইসলাম টাইমস ডেস্ক : বোরকা নিয়ে বাজে মন্তব্য করায় ভারতে বসবাসরত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের কড়া সমালোচনা করেছিলেন প্রসিদ্ধ সুরকার এআর রহমানের কন্যা খাদিজা রহমান। তার সমালোচনায় যেন তাসলিমার গায়ে আগুন লেগে গেছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এই ইসলাম বিদ্বেষী লেখিকা।
তসলিমা বলেন, ‘ফেসবুক বা টুইটারে সেদিন বারবার সামনে আসছিল এআর রহমানের মেয়ে খাদিজার বোরকা পরা ছবি। ভাবছিলাম গানবাজনা নিয়ে থাকা সংস্কৃতিমনস্ক সংসারের শিক্ষিত মেয়েরাও কী করে যে ধর্মান্ধ হয়! সে কারণেই টুইট করা।
‘‘তার পর দেখতে হলো খাদিজার রিঅ্যাকশন! যে কোনো হিজাবি বা বোরকাওয়ালি যেভাবে রিঅ্যাক্ট করে, সেভাবেই করেছে– ‘এটি আমার চয়েস, আমি গর্বিত, আমি অ্যাম্পাওয়ার্ড’।’’
তসলিমা বলেন, খাদিজা আরও বলল– আমি যেন গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ সম্পর্কে জেনে নিই। সে বলতে চাইছে– বোরকা পরাই সত্যিকার নারীবাদ। এই বোকা বোকা উত্তর পড়ে মিডিয়া–এমনকি সেক্যুলার মিডিয়াও, উচ্ছ্বসিত। খবরের শিরোনাম লিখেছে– খাতিজা তসলিমাকে ধুয়ে দিয়েছে, খাতিজা তসলিমাকে একহাত নিয়েছে, খাতিজা উচিত জবাব দিয়েছে, ধারালো জবাব দিয়েছে।
তিনি বলেন, সত্যিই কি মনে হয় বোরকা পরা মেয়েরা নারীবাদী? আমাকে গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ শিখতে বলল এক বোরকাওয়ালি মেয়ে, আর সেটিই চরম বিনোদনের বিষয় হয়ে উঠল সারা উপমহাদেশে!
মিডিয়ার সমালোচনা করে বিতর্কিত এই লেখিকা আরও বলেন, বোরকা ইস্যুটা একটা সিরিয়াস বিতর্কের ইস্যু হতে পারত। সেদিকে গেলই না মিডিয়া। সবাই হাসছে আমার দিকে তাকিয়ে কেমন চমৎকার উত্তর দিয়ে আমাকে ‘কাবু’ করা হলো এই বলে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি তসলিমা খাদিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছিলেন– ‘আমি এআর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা নারীও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটি ভেবেই খুব হতাশ লাগে।’
জবাবে খাদিজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন– এক বছরও কাটল না, ফের এই বিষয়টি ঘুরে এলো… দেশে অনেক কিছু হচ্ছে।
‘একজন নারী কী পরতে চান, তাকেই গুরুত্ব দেন সবাই। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যারা গ্রহণ করেছেন, তাদের আমার ধন্যবাদ।’
‘আমার কাজই কথা বলবে… প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না; বরং আমি যা করছি, তার জন্য গর্বিত।’
‘নারীবাদের প্রকৃত অর্থ কী– তা গুগুলে একবার দেখে নিন। কারণ সেখানে অন্যান্য নারীকে হেয় করা বা তাদের পিতাদের এই ইস্যুতে নিয়ে কোনো কথা বলছেন না। এ ছাড়া আপনার পর্যবেক্ষণের জন্য আমি তো আপনাকে কোনো ছবিও পাঠাইনি।’
















