ইসলাম টাইমস ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় মিছিলটি রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা জানি খালেদা জিয়াকে কেন বন্দি করে রাখা হয়েছে। কোনো অন্যায়ের জন্য নয়, কোনো অপরাধের জন্য নয়; অপরাধ একটিই– বেগম জিয়ার এত জনপ্রিয়তা কেন? এত অপপ্রচার চালানোর পরও দেশনেত্রীর জন্য মানুষ কাঁদে কেন? এই কারণেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না, এ মূহুর্তে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার। এই সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়।
















