বি বাড়িয়ায় নামাযের সময় এবং রাতভর কীর্তনের মাইক বাজানো বন্ধের দাবি হেফাজতের

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ‘শ্রী শ্রী কালীবাড়িতে’ কাল থেকে শুরু হতে যাওয়া ‘৩২ প্রহরব্যাপী নামকীর্তনে’ আযান, নামায এবং রাতে মাইক বন্ধ রাখার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম।

আজ বুহস্পতিবার দুপুরে নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুমের কাছে দেওয়া এক লিখিত আবেদনে দলটির নবীনগর শাখার সভাপতি মাওলানা আমীরুল ইসলাম এই দাবি করেন।

উপজেলা ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা রায়হান উদ্দিন ও নাছরীন আক্তার নামের স্থানীয় এক গৃহবধূও একই দাবিতে ইউএনওর কাছে আলাদা আলাদা লিখিত আবেদন করেছেন।

লিখিত ওইসব আবেদনে একটানা ২৪ ঘণ্টা কীর্তন চলাকালে মাইকের বিকট শব্দে বিভিন্ন সময় নামাজ আদায়ে মারাত্মক বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার্থীসহ হার্টের রোগীদেরও মাইকের অসহনীয় বিকট এই শব্দের কারণে মারাত্মক অসুবিধা হয়। এ ছাড়া, সারা রাতব্যাপী মাইকের প্রচণ্ড শব্দে সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে বলেও লিখিত আবেদনে অভিযোগ করা হয়।

নবীনগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম বলেন, মাইকের বিকট শব্দের কারণে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি। তবে আজান ও নামাজসহ রাত ১১টার পর মাইক বন্ধ রাখা হলে আমাদের আর কোনো অভিযোগ নেই। তবে তিনি জানান, শুধু কীর্তন নয়, ওয়াজসহ যেকোনো অনুষ্ঠানের মাইক রাত ১১টার পর বন্ধ রাখতে হবে।

কালীবাড়ি কমিটির সভাপতি সীতানাথ সূত্রধর বলেন, ‘শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যবাহী কালীবাড়িতে গত ৬০ বছর ধরে এই মৌসুমে কীর্তন হচ্ছে। কিন্তু এমন অভিযোগ এর আগে কেউ করেনি। তবে আমরা শুরু থেকেই প্রতিটি আজান ও নামাজের সময় মাইক সম্পূর্ণ বন্ধ রাখি। তিনি আরো জানান, গভীর রাতে মাইকের বিকট শব্দে সব শ্রেণির মানুষের যে কষ্ট হয়, সেটিতে আমরাও বিব্রত। তাই কাল থেকে শুরু হওয়া কীর্তনে রাত ১১টার পর থেকে মাইক বন্ধ থাকবে। সে সময় কালীবাড়িতে সাউন্ড বক্সে ভক্তদের কীর্তন শোনানো হবে’।

নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এখন দুই পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তিনি আরো জানান, কালীবাড়ির সভাপতি এর মধ্যে আমাকে ফোনে রাত ১১টার পর মাইক বন্ধ রাখার কথা জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদযারা জনগণকে বঞ্চিত করে বিদেশে পুঁজি পাচার করছে তাদের থামাতে হবে: ড. কামাল
পরবর্তি সংবাদঅবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ল চার বিএসএফ সদস্য