সাদ আবদুল্লাহ মামুন ।।
স্মৃতির বয়ান বড় আপন। সব বয়সী পাঠক-শ্রোতার কাছে। কেবল শুনতেই চায় কান; জানতেই চায় মন। এমনই আকর্ষণীয় একগুচ্ছ স্মৃতির পালকের নাম- হরফে আঁকা জীবন। বাংলাভাষার এ সময়ের অন্যতম শক্তিমান আলেম-গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীনের আত্মজৈবনিক সাক্ষাৎকার-গ্রন্থ।
সাহিত্যের ক্লাস, বড় যদি হতে চাও, প্রিয় লেখক প্রিয় বই আর আকাশে অঙ্কিত নাম-এর মতো জনপ্রিয় অসাধারণ বইয়ের লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন। বহুমাত্রিক লেখায় নিজেকে অন্যমাত্রিক উজ্জ্বলতায় প্রতিষ্ঠিত করে নিয়েছেন যিনি। সমকালীন আলেম লেখকদের অকুণ্ঠ স্বীকৃতি কুড়িয়েছেন যিনি। অনুজ লেখকদের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত যিনি- তাকে নিয়ে অনেক বলার পরও থেকে যায় আরও অনেক।
‘হরফে আঁকা জীবন’ একটু অন্যরকম যাইনুল। সাক্ষাৎকারের প্রশ্ন ও ধরনে তুলে ধরেছেন জীবনস্মৃতি। জন্মশৈশব থেকে বার্ধক্য-শৈশব। বইটি জুড়ে আছে- গ্রাম ও শহরমাখা শৈশব-কৈশোর, পড়ালেখায় নিমগ্ন ছাত্রজীবন, ঐতিহ্যের দারুল উলুম দেওবন্দের পানে ছুটে যাওয়া, বর্ণিল কর্মজীবন, শিক্ষকতা, সাহিত্য-অধ্যয়ন, সম্পাদনা, লেখালেখি, ঘর- সংসার, দেশচিন্তা ও উম্মাহকেন্দ্রিক ভাবনাসহ বহু কিছু। আছে আকাবিরের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, মাদরাসা-শিক্ষার প্রতি প্রেমময় অহঙ্কার, শেকড় প্রতি দরদমাখা আপোষহীন উচ্চারণ এবং লেখকবন্ধুদের আন্তরিকভাবে স্মরণ ও প্রকাশ।
বলতে দ্বিধা নেই, যাইনুল আবিদীন যেমন শক্তিমান লেখক; তেমনই চমৎকার আলোচক। লেখার মতো তারআলোচনাও অন্যরকম সজীব-সুন্দর। জীবন ও ইসলামকে এবং চিন্তা ও সাহিত্যকে তিনি উপস্থাপন করেন মোহন করে। লেখার মতো তার আলোচনায়ও থাকে নান্দনিক দ্যুতি। যাইনুল আবিদীনের কথালাপ মানেই যেন হৃদয়গ্রাহী এক জীবন্ত সংলাপ।
হরফে আঁকা জীবন- বাংলাভাষার ইসলামি সাহিত্যের একটি নতুন পালক। এ ধরনের আরও বহু পালকে অবিরাম সমৃদ্ধ হোক বাংলাভাষা। বহুমাত্রিক স্মৃতির বয়ানে ঝলসে উঠুক আমাদের দরকারি সব সুন্দর ইতিহাস। একক আত্মজৈবনিক সাক্ষাৎকার দিয়ে গ্রন্থ-রচনার মতো এমন একটি সুন্দর ও প্রয়োজনীয় কাজে মনোনিবেশ করায় আদর্শবাদী তরুণ লেখকদের অন্যতম চেতনার মিনার মুহাম্মদ যাইনুল আবিদীনের প্রতি বিনীত শ্রদ্ধা। সেইসঙ্গে আত্মপ্রত্যয়ী লেখকবন্ধু আমিন ইকবালের প্রতি সবুজ সালাম।
















