ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ম্যাক্সি উল্টে গিয়ে চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার জুই-যুথী পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী আসা একটি ম্যাক্সি জুই-যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় হেলেনা বেগম, পারভীন বেগম ও রেজিয়া আক্তার নামে আরও তিনজন আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দে চেষ্টা চলছে।
















