পুরান ঢাকায় আ.লীগ নেতার বাড়ি থেকে পাওয়া গেল পাঁচ সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালঙ্কার

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৩)। সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার লালমোহন স্ট্রিটে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়।

এসময় ক্যাসিনোকাণ্ডে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও যুগ্মসাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালঙ্কার, এফডিআর ও ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়েছে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনোকাণ্ডে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ঘটনাস্থলে র‌্যাবের অভিযান এখনো চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বেলা ১১টায় এ ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস
পরবর্তি সংবাদকলকাতায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ