খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আজ

ইসলাম টাইমস ডেস্ক :  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদেশ দেয়া হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এ দিন ধার্য করেন।

এদিকে আদালতের নির্দেশানুযায়ী বুধবার খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত মেডিকেল রিপোর্ট জমা দিয়েছে বিএসএমএমইউ। তবে আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসার জন্য তিনি সম্মতি দেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এমন প্রেক্ষাপটে আইনি লড়াই ও রাজনৈতিক কৌশল নির্ধারণে বুধবার দফায় দফায় বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আইনজীবী নেতারা।

সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের ওপর আদেশকে কেন্দ্র করে সবার চোখ আজ উচ্চ আদালতের দিকে। খালেদা জিয়া কি জামিন পাবেন? নাকি আবেদন খারিজ হয়ে যাবে? এ নিয়ে জনমনে রয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিএনপি নেতা ও আইনজীবীরা বলছেন, ন্যায়বিচার পেলে খালেদা জিয়া জামিন পাবেন বলে আশাবাদী। তবে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বুধবারই বলেছেন– খালেদা জিয়ার জামিন পাওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ এই প্রতিবেদন জমা দেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন।

 

পূর্ববর্তি সংবাদবিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ
পরবর্তি সংবাদগাজীপুরে পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে উধাও স্কুলশিক্ষক