ইসলাম টাইমস ডেস্ক: আদালত যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় চলে তাহলে সেখানে সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমি এসব কথা বললে আদালত অবমাননার মামলা হবে। আরে যেখানে জীবন বাঁচে না সেখানে মামলার ভয় করে লাভ কী?
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ধৈর্যের একটা সীমা থাকে। সেই ধৈর্যের সীমা আমার মনে হচ্ছে শেষ পর্যায়ে অর্থাৎ আমাদের পেছনে যাওয়ার আর জায়গা নেই। তাই আমাদের এখন সতর্ক হতে হবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা জরুরি। সেই চিকিৎসার জন্য দেশে বিদেশে যেখানেই হোক মুক্ত অবস্থায় দিতে হবে। আমার মনে হয় মানুষ সেই জন্য অপেক্ষা করছে এবং সেই ডাক যদি আসে সেই ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে।
















