ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনী এবং বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচজন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় একজন সংসদ সদস্য ও লোকজনের বক্তব্যের ভিত্তিতে রবিবার (১ মার্চ) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাখাইনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেছেন, শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাখাইনের এমরাউক ইউ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় বিদ্রোহীরা সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায়। এই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। এতেই হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী বলেছেন, এই সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের সদস্য।
















