ইসলাম টাইমস ডেস্ক: ভারতের অংশগ্রহণ ছাড়া মুজিববর্ষ পূর্ণতা পাবে না বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যদি এককভাবে কোনো দেশের অবদান থেকে থাকে সেটি ভারতের।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যদি এককভাবে কোনো দেশের অবদান থেকে থাকে সেটি ভারতের। তখন প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তখনকার ভারত সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল।
তিনি বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর মুক্তির জন্য তৎকালীন ভারত সরকারের বড় অবদান ছিল। আন্তর্জাতিকভাবে যে চাপ সৃষ্টি হয়েছিল এ কারণেই মুক্তি দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার। বাংলাদেশের স্বাধীনতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিতে ভারতের অবদান অনস্বীকার্য। এসব কারণেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
















