ইসলাম টাইমস ডেস্ক : বাজারে নতুন পেঁয়াজ এলে আগামী ১৫ দিনের মধ্যেই দাম কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের নেতৃত্বে ৬ সদস্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এর পরও পেঁয়াজের ভালো উৎপাদনের বিষয়ে আশাবাদী মন্ত্রী। ‘আমাদের সচিবসহ সবাই খোঁজখবর নিয়েছি। এতে দেখা গেছে, পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। এই পেঁয়াজ আরও ১৫-২০ দিন পড়ে উত্তোলন হবে। তার পরও আমরা খুবই আশাবাদী এ বছর ভালো পেঁয়াজ উৎপাদন হবে’-যোগ করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ১৫ দিন পর বাজারে পেঁয়াজ নামলে তাৎক্ষণিক সমস্যা সমাধান হয়ে যাবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।
আবদুর রাজ্জাক বলেন, আমরা আগে বারবার ধানের কথা বলেছি। এখন যেমন ধানে আমরা স্বয়ংসম্পন্ন, ইনশাল্লাহ পেঁয়াজেও আমরা নতুন জাত দিয়ে উৎপাদন ডাবল না হলেও কাছাকাছি হবে। আগে যেখানে প্রতি হেক্টরে ১০-১১ টন হতো, এখন নতুন জাতের পেঁয়াজে সেখানে ১৮-১৯ টন হবে।
















