ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির রাজনীতিতে জনগণের কোনো কথা নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যাথা আর কোমরের ব্যাথার মধ্যে ঢুকে গেছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আরো বলেন, আইন-আদালত নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই। বিএনপির আমলে আদালতের স্বাধীনতা ছিলনা। তারা ল’ডিগ্রী ছাড়া লোককে হাইকোটের বিচারক বানিয়েছে, তারা রাতে কোর্ট বসায়ে বিচার করেছে, দিনে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে, তারাই আবার আদালত নিয়ে বড় বড় কথা বলে। বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করার বিএনপি’র অধিকার নাই।
তিনি বলেন, বাংলাদেশে এখন খালি পায়ে কোন মানুষ দেখা যায় না, এটা হলো দিনবদল। ১৫ কোটি মানুষের হাতে এখন মোবাইল, এটাই ডিজিটাল বাংলাদেশ। কোন ভিক্ষুক এখন চাল ভিক্ষা নেয় না, দুই টাকা দিলে গালি দেয়, পাঁচ টাকা দিলে তাঁকিয়ে থাকে আর দশ টাকা দিলে মোটামুটি খুশি হয়- এটাই দিন বদল। পল্লী কবি জসিম উদ্দীন কুঁড়ে ঘর নিয়ে কবিতা লিখেছেন, এখন দেশে কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। কুঁড়ে ঘর এখন টিনের চালা হয়ে গেছে, কুঁড়ে ঘর আছে কবিতায়, বইয়ের পাতায়। বাংলাদেশ বদলে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।
















