অভ্যুত্থান চেষ্টার অভিযোগ প্রিন্স আহমেদ ও ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধে

ইসলাম টাইমস ডেস্ক: অভ্যুত্থান চেষ্টার অভিযোগে সৌদি আরবের বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে গ্রেফতার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এমন তথ্য জানা গেছে।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আটকের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তোলা হয়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী অভ্যুত্থানের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে বলে মনে হয়েছে বাদশাহ সালমান ও তার ছেলে মোহাম্মদের কাছে। কাজেই নেতৃত্বের জোরালো দুই প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতেই তাদের এই উদ্যোগ।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এর একটি সম্ভাব্য মতলব হতে পারে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বয়স। তিনি এখন ৮৪ বছরে রয়েছেন। বাবার মৃত্যু কিংবা সিংহাসন ত্যাগের আগে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের আটকে রাখতে চাচ্ছেন উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

রাজপরিবারে প্রিন্স আহমেদ বিশেষ মর্যাদা বহন করেন। কারণ বাদশাহ সালমানের একমাত্র জীবিত আপন ভাই হলেন তিনি। আহমেদ ও বিন নায়েফ দুজনেই আধুনিক সৌদির প্রতিষ্ঠাতার সন্তান।

এর আগে নিজের ভাইকে সিংহাসনের উত্তরসূরি মনোনয়ন দিতেন সৌদি শাসকরা। কিন্তু বাদশাহ সালমান প্রথমবারের মতো ২০১৭ সালে নিজের ছেলেকে এই পদে বসান।

২০১৮ সালে লন্ডনে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার সময় সৌদি আরবের বর্তমান নীতির সমালোচনা করার পর থেকে প্রিন্স আহমেদকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করেন যুবরাজ।

বিক্ষোভকারীরা তখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। কাজেই প্রতিবেশী দেশটিতে মানবিক সংকটের দায় নেয়ার ক্ষেত্রে বাকি রাজপরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন প্রিন্স আহমেদ।

এক ভিডিওতে রাজপরিবারের নাম নিয়ে তাকে বলতে শোনা গেছে, আল-সৌদে এসব কি হচ্ছে? এসবের জন্য বাদশাহ ও তার সন্তানই দায়ী। এরপরে ইন্টারনেটে ক্ষুব্ধ সৌদিরা প্রিন্স আহমেদের আনুগত্য মেনে চলার প্রতিশ্রুতি দেন।

কিন্তু দ্রুতই এটা পরিষ্কার হয় যে সিংহাসনের উত্তরসূরি হওয়ার কোনো ইচ্ছা তার নেই। একটি বিবৃতি ইস্যু করে তিনি বলেন, তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘আমাদের কোরআন শেখার পিছনে মক্তবের উস্তাযজীর অনেক অবদান’
পরবর্তি সংবাদদিল্লি হত্যা: আরএসএসকে দায়ী করায় মুসলমান সমর্থিত চ্যানেল বন্ধ করে দিল ভারত