ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মাননা ফিরিয়ে দিলো মনিপুরের ৮ বছর বয়সের জলবায়ু অ্যাক্টিভিস্ট লিসিপ্রিয়া কাঙ্গুজাম। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রচারণায় অংশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কাঙ্গুজাম তা প্রত্যাখ্যান করে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শুক্রবার ভারতের সরকারি টুইটার অ্যাকাউন্টে ৮ বছরের লিসিপ্রিয়াকে মনিপুরের একজন শিশু জলবায়ু অ্যাক্টিভিস্ট ও অনুপ্রেরণাদায়ী হিসেবে উল্লেখ করা হয়। ২০১৯ সালে সে ড. এপিজে আব্দুল কালাম শিশু পুরস্কার, একটি বিশ্ব শিশু শান্তি পুরস্কার ও একটি ভারতীয় শান্তি পুরস্কার পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিসিপ্রিয়া জানায়, সরকারের কাছ থেকে স্বীকৃতি পাওয়া সম্মানের বিষয়। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার তার কথা শুনতে চাইছে না। তাই সে সম্মাননা প্রত্যাখ্যান করেছে।
কাঙ্গুজাম জানায়, বর্তমানে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের কথা ভাবলে আমার মনে হয় না এতে কোনও সমাধান আসবে। বিষয়টি আমার কাছে রঙ ফর্সা করার ক্রিমের মতো। একবার মুখ ধুয়ে ফেললে আর তা থাকে না। এর পরিবর্তে আমি চাই তিনি (মোদি) আমার কথা শুনুন এবং আমাদের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টিসহ দেশের গুরুত্বপূণৃ বিষয়গুলো নিয়ে ভাবুন।
















