ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। তাকে কারাগারে আটক রেখে কোনো উৎসবই বাংলাদেশে সফল হবে না।
আজ শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, মুজিববর্ষ সফলের প্রশ্নই আসে না। এটা একটা প্রহসন। কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং ১৯৭১ সালেও যিনি স্বাধীনতার জন্যে কারাগারে ছিলেন পাকিস্তান বাহিনীর হাতে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি এখনো কারাগারে আছেন। তাকে আটক রেখে কোনো বর্ষই এখানে সফল হবে না।
দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ’ উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে গত কয়েকদিন ধরে দেশের ইসলামী দলগুলো বিক্ষোভ করছে। এ ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো আমাদের বক্তব্যে আগে বলেছি, খুব পরিস্কার করে বলেছি যে, বর্তমান বাংলাদেশে যে অবস্থা বিশেষ করে ভারতের এনআরসি-এসএসির পরে এরই মধ্যে যে দাঙ্গা হয়ে গেলো তার যে প্রভাব পড়েছে। সেই প্রভাবে নরেন্দ্র মোদির এখানে আসাটা কতটুকু সমীচীন শোভনীয় এটা তারাই বিচার করবেন।
















