ইসলাম টাইমস ডেস্ক : বিদ্যালয়ে পাঠদানকালে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও গরুর মাংস খাওয়া হারাম মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে উজ্জল কুমার রায় (৪৭) নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ অভিযোগে ধর্মপ্রাণ গ্রামবাসী তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
রোববার (৮ মার্চ) রাতে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে গনধোলাইর ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে গ্রামবাসী সোমবার বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে কটুক্তি করার অভিযোগে সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত উজ্জল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বিএমএস ইন্সটিটিউশনের সহকারী শিক্ষক ও সমরসিংহ গ্রামের প্রফুল্ল রায়ের পুত্র।
জানগেছে ,ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী শিক্ষক উজ্জল কুমার রায় রোববার রাতে মেদাকুল বাজারে আসলে বিক্ষুব্ধ গ্রামবাসী তার ওপর হামলা চালিয়ে তাকে (উজ্জল) গণধোলাই দেয়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ওইদিন রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ ২ শতাধিক গ্রামবাসী সোমবার মোদাকুল বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে ইল্লা-বাকাই সড়ক ধরে বাকাই বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।
এব্যপারে গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে রোববার রাতে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই শিক্ষককে ৫৪ ধারায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি গোলাম ছরোয়ার জানান।
















