ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে নিজ থেকে কোয়ারেন্টিন বেছে নিয়েছেন রিপাবলিকান পার্টির পাঁচ নেতা। সম্প্রতি এক সম্মেলনে করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর কোয়ারেন্টিনে যান তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে, এক ডেমোক্রেট নেত্রীও ভিন্ন এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর নিজ থেকে কোয়ারেন্টিন বেছে নিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
খবরে বলা হয়, গত মাসের শেষের দিকে ম্যারিল্যান্ডে রক্ষণশীল রাজনীতিকদের একটি সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স সহ রিপাবলিকান পার্টির অনেক নেতা। সেখানেই এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন একাধিক আইনপ্রণেতা। তবে পেন্স বা ট্রাম্প কেউই ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন। কিন্তু তারা সম্মেলনটি চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর ওই চেয়ারম্যান আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এ খবর প্রকাশিত হওয়ার পর গুঞ্জন ওঠে যে, ট্রাম্পও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সোমবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে কোনো পরীক্ষা করাননি। বিবৃতিতে বলা হয়, তিনি করোনা ভাইরাস আক্রান্ত কারো সংস্পর্শে আসেননি। তার মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণও নেই।
প্রসঙ্গত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ২৬ জন।
















