ইসলাম টাইমস ডেস্ক: বেফাক কর্তৃক রেজিস্ট্রেশন বাতিলকৃত মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে ২০২০ সালে অনুষ্ঠিতব্য বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায়। আজ বুধবার (১১ মার্চ) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বোর্ডটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশন বাতিলকৃত মাদরাসার শিক্ষার্থীরা এখন থেকে বেফাকভুক্ত যেকোনো মাদরাসায় নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবে।
বোর্ডটি আরও জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাইলে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে ২০২০ সালে অনুষ্ঠিতব্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে রেজিস্ট্রেশন বাতিলকৃত মাদরাসার পরিক্ষার্থীদের চলতি মাসের ২০ তারিখের মধ্যেই বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সরকারি একটি বিশেষ আইনের আওতাভূক্ত হয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। তবে বোর্ডটির এ আইনের ১(৩),২(১), ও ২ (২) ধারার বিপরীতে অবস্থান গ্রহণ করেছিল বেশ কিছু মাদরাসা। এ কারণে সেসব মাদরাসার এ্যাফিলিয়েশন বাতিল করেছিল বেফাক বোর্ড।
















