ইসলাম টাইমস ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়া প্রায় দশ হাজার শরণার্থী ইউরোপের দেশ গ্রীসে আশ্রয় নিতে চাইছে। আর এদেরকে প্রতিরোধ করার জন্য গ্রীস নাৎসিদের মত আচরণ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বুধবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় এরদোগান এই অভিযোগ করেন। এসময় শরণার্থীদের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজও পার্লামেন্টে দেখান তুরস্কের প্রেসিডেন্ট। এসময় এরদোয়ান বলেন, নাৎসিরা জার্মানিতে যা করেছে সেটির সঙ্গে এই ছবিগুলোর কোন পার্থক্য নেই। তাদের সঙ্গে যা করা হচ্ছে এটি বর্বরতার শামিল।
সিরিয়ায় যুদ্ধের কারণে সেখান থেকে পালিয়ে আসা ৩৬ লাখ শরনার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে । এসব শরণার্থীর ইউরোপে যাওয়া ঠেকাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোগানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে। আর চুক্তি ভঙ্গ করায় তুরস্ক চাইছে এই সব শরনার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে।
















