ইসলাম টাইমস ডেস্ক: হজ নিবন্ধনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। ১৫ মার্চের মধ্যে হজ নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে আশানুরূপ সাড়া না পাওয়ায় সময়সীমা বাড়িয়ে ২৫ মার্চ পর্যন্ত করার চিন্তা করছে ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৯৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৬১ নিবন্ধন করেছেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন পবিত্র হজে যাবেন। সে হিসাবে নিবন্ধনের সংখ্যা আশানুরূপ নয়। আর এ কারণে ২৫ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করবে ধর্ম মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ এর সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত রয়েছে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
করোনাভাইরাসের কারণে নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। তাই আমরা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা সময় বাড়াবে। এ সময় ২৫ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।’
















