করোনা প্রতিরোধে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কী করা যায় সে বিষয়ে কর্মপন্থা ঠিক করতে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

কনফারেন্সে বিশ্বব্যাপী মহমারির আকার নেওয়া করোনাভাইরাস প্রতিরোধে সার্কের সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বিকেলে করোনাভাইরাস প্রতিরোধে সমন্বিত কর্মসূচি ঠিক করতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও নাগরিকদের রক্ষা করতে সার্কভুক্ত দেশগুলোর বিশেষ পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের সমুদ্র-স্থল-বিমানবন্দরে কড়া নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখানে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। তিনজনই বিদেশ থেকে আসা রোগী। তারা ইতোমধ্যে সুস্থ হয়েছেন। নতুন করে আরও দু’জন রোগী শনাক্ত হয়েছেন। এ দুজনও বিদেশ থেকে আসা রোগী। স্থানীয়ভাবে এখনো কেউ সংক্রমিত হয়নি।

তিনি বলেন করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে নির্দেশনা দেওয়ার জন্য আমরা একটি জাতীয় কমিটি গঠন করেছি। সতর্কতা বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইনের আয়োজন করেছি। যেখানে প্রয়োজন হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ সজাগ রয়েছে।

এই ভিডিও কনফারেন্সে  ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সার্ক জাতিগুলোর প্রতি বার্তা হলো, ‘আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিন’। বিশ্ব জনসংখ্যার এক পঞ্চমাংশ বাস করে সার্ক অঞ্চলে। সুতরাং এই মহামারি প্রতিরোধে প্রস্তুতি নিতেই হবে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।

পূর্ববর্তি সংবাদপাবনায় আ.লীগের সাংস্কৃতিক সম্পাদকের মদের দোকানে র‌্যাবের অভিযান! জরিমানা ও দণ্ড
পরবর্তি সংবাদঠেলার নাম বাবাজি! হিজাব ছিল নিষিদ্ধ, এবার মুখ না ঢাকলেই জরিমানা!