ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলা টিপে হত্যার ঘটনায় ঘাতক পিতা ইমান আলীকে আটক করেছে গ্রামবাসী।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার লস্করপুর রেলস্টেশন এলাকার বুশপাড়া নামক গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
স্থানীয় ওয়ার্ড মেম্বার দরবেশ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাতে ঘাতক ইমান আলী তার বসত ঘর থেকে কাঁথা বালিশ নিয়ে নাসির উকিলের পরিত্যক্ত ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে রাত্রি যাপন করে। সোমবার সকাল সাড়ে ১০টায় বাড়ির কেয়ার টেকার জালাল মিয়া ওই পরিত্যক্ত ঘরে ঢুকতে চাইলে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ থাকতে দেখেন।
পরে ঘরের ছিদ্র দিয়ে তিনি দেখতে পান ঘাতক ইমান আলী শুয়ে আছে। এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে নেশাগ্রস্থ ইমান আলীর সঙ্গে স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে তার সন্তান শাকিলকে গলা টিপে হত্যা করে ঘাতক পিতা। খবর পেয়ে রোববার ভোররাতে বাহুবল থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহত শাকিলের মা নেহেরা খাতুন গণমাধ্যমকে বলেন আমার ছেলে হত্যার বিচার চাই। পুলিশ তদন্ত করছে, সোমবার বিকাল ৩টায় আমার ছেলের জানাজা শেষে সন্ধ্যায় থানায় গিয়ে মামলা করব।
















