ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইতালী থেকে ফিরে আসা ৪৮জনের মধ্যে ৪৪জন কোয়ারেন্টাইনের জন্য গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ হাসপাতালে অবস্থান করছেন। সেখান থেকে মুক্ত হতে সোমবার সকালে তারা বিক্ষোভ করেছেন।
এদিকে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রোববার এ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো চারজনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সোমবার বিকেল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌছেনি।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইনের জন্য ইতালী থেকে ফেরত আসা ৪৮জন বাংলাদেশী প্রবাসীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শনিবার মধ্যরাতে দু’টি বাসযোগে গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে ৭০জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করে গত কয়েকদিন ধরে প্রস্তুত রাখা হয়েছিল। ইতালী ফেরত এ কেন্দ্রের সবাইকে গুরুত্ব সহকারে যত্নে রাখা হয়েছে। তারপরও তারা নানা অভিযোগ তুলে এখানে থাকতে চাচ্ছেন না। এখান থেকে বের হয়ে যেতে সোমবার সকালেও তারা হৈচৈ করেছেন।
এরআগে রোববার বিকেলও তারা বিক্ষোভ করে। রোববার বিক্ষোভকারীরা ওই হাসপাতালের ভেতরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে হাসপাতাল চত্বরে বের হয়ে পড়েন। এসময় তাদের অনেক বুঝিয়ে ভেতরে নেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে হাসপাতালের পরিবেশ শান্ত রয়েছে। হাসপাতাল এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
















