ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের উঁচাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই বাজারের চাউলের আড়তদার শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশে প্রায় ৫০টির মতো দোকান-ঘর ছিল। যার মধ্যে মুদি দোকান ও চাউলের আড়তদারের সংখ্যাই বেশি।
তিনি জানান, অগ্নিকাণ্ডে বাদল ঘোষ, লিয়াকত হুজুর, ফজলু মিয়া, কামরুল, শাহাদাৎ হোসেন ও ডাক্তার খোকনসহ ২৫ জনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ভাঙ্গা স্টেশনের ডিউটি অফিসার মোখলেসুর রহমান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ভাঙ্গা ও সদরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
















