ইসলাম টাইমস ডেস্ক: যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে সেগুলোর তালিকায় শ্রীলঙ্কার নামও রয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আগামী মাসে হতে যাওয়া সংসদীয় নির্বাচন স্থগিত করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। পাশাপাশি ৩ দিনের জন্য সকাল সন্ধ্যা কারফিউও জারি করেছে দ্বীপরাষ্ট্রটি।
এদিকে নেপালে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোনও রোগী শনাক্ত না হলেও সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দক্ষিণ এশিয়ার এই দেশ। রাজধানী কাঠমান্ডুর ত্রিপুরেশ্বরে দেশটির সেনাবাহিনীর সদর দফতরে মডেল কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন দেশটির নাগরিকরা।
এছাড়া চীনের উহান থেকেই বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও এখন পরিত্রাণের পথে দেশটি। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা দু’দিন আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এমন ঘটনা চীনের জন্য দুষ্কর ছিল। তবে এবার সেই স্বস্তির দেখা পেল দেশটি।
খবর: বিবিসি, নেপাল টাইমস।
















