ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের সংখ্যা কমে যাচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগী করোনার আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কয়েকজন রোগী ডিএমসি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়ে সরকারের নির্ধারণ করা হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কয়েকজন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ওই সব রোগীর যারা চিকিৎসা দিয়েছিলেন এরকম চারজন চিকিৎসককে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। তাদের মধ্যে দুইজন মেডিসিন বিভাগের ও দুইজন কিডনি বিভাগের চিকিৎসক।
এ ঘটনা হাসপাতালে ছড়িয়ে পড়ায় কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন। তারা কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবেন বলে জানান। বিশেষ করে গত কয়েক দিনে করোনাভাইরাসে কয়েকজন মৃত্যুর খবরে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এমনকি আগের মতো নতুন রোগীও আসছেন না।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আমাদের এখানে সব মিলে রোগীর ধারণক্ষমতা প্রায় তিন হাজার। সেখানে রোগী থাকত নির্ধারিত পাঁচ হাজারের মতো। তবুও রোগীদের চিকিৎসা দেয়ার ব্যাপারে কোনো কমতি ছিল না। আমাদের সাধ্যমতো রোগীদের চিকিৎসা দিয়ে আসছি। বর্তমানে করোনাভাইরাসের কারণে অর্ধেকে নেমে এসেছে রোগী। তবে ডাক্তার, নার্স ও কর্মচারী আগের মতোই আছে। রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। ওষুধসহ সব কিছু পর্যাপ্ত আছে।
















