করোনা ইস্যুতে মুফতি তাকি উসমানীর নেতৃত্বে সকল ধারার পাক আলেমদের সম্মিলিত বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানীর নেতৃত্বে পাকিস্তানে সব ঘরানার আলেমদের সমন্বয়ে করোনা ইস্যুতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত বৈঠকে তাকি উসমানীর নেতৃত্বে আলেমেরা সিদ্ধান্ত নেন, পুরো জাতি তওবা করবে, এবং সরকারী উদ্যোগে জাতীয়ভাবে তওবা-ইস্তিগফারের ব্যবস্থা গ্রহণ করে  মিডিয়ায় সব ধরনের অশ্লীল অনুষ্ঠান বন্ধ করতে হবে।

বৈঠকে তারা আরো বলেন, বৈশ্বিক দুর্যোগের এ সময়ে মসজিদ খোলা থাকবে এবং সেখানে আযান ও জামা’আত জারি থাকবে। তবে মুসল্লিরা ঘরে অযু সুন্নাত ও নফল সালাত আদায় করবে।

এছাড়াও তারা বলেন বিশেষ কারণে সরকার নামাজিদের সংখ্যার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে শার’ঈ দৃষ্টিকোণে মা’যুর ও বয়োবৃদ্ধরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবে।

বৈঠকে আলেমরা সংক্রমণকালীন সময়ে রোগ ব্যাধি ও সর্দি কাশি দ্বারা আক্রান্ত ব্যাক্তিকে মসজিদে আসতে নিষেধ করেন।এছাড়াও মসজিদের কার্পেট উঠিয়ে ফ্লোর নিয়মিত পরিষ্কার করে প্রত্যেক  মসজিদের দরজা ও গেইটে হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ জুম’আর দিন খুতবা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে শেষ করার পরামর্শ দেন সম্মিলিত বৈঠকের আলেমেরা।

পূর্ববর্তি সংবাদদুনিয়াজুড়ে ২১ হাজার ছাড়াল মৃতের সংখ্যা
পরবর্তি সংবাদপঞ্চগড়ে বন্ধ হয়ে গেছে দোকান-পাট, হোম কোয়ারেন্টাইনে আরও ১৮ জন