আত্মগোপনে থেকে অডিও বার্তায় যা বললেন মাওলানা সাদ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দিল্লির নিজামউদ্দিন মারকাজের কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন। দিল্লির নিজামউদ্দিন মারকাজে হওয়া একটি জোড়ের পর দেশেথর অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সরকারি নিষেধাজ্ঞার পরও জমায়েত করার অভিযোগে নিজামউদ্দিন মারকাজের দায়িত্বশীল মাওলানা সাদ কান্ধলভি ও নিজামউদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এর মধ্যেই গোপন জায়গা থেকে অডিও বার্তায় মাওলানা সাদ জানিয়েছেন, তিনি কোয়রান্টাইনে রয়েছেন। সাদ কান্ধালভিও করোনায় আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

গত ২৮ মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল মাওলানা সাদকে। তারপর থেকে তিনি নিখোঁজ। মারকাজ নিজামউদ্দিনে জমায়েত করা ও থাকার জন্য তিনিই উৎসাহ দিয়েছিলেন বলে মনে করছে পুলিশ।

একশো বছরের বেশি বয়স নিজামউদ্দিনের ওই বাড়িটির। পুলিশ সূত্রে খবর, বাড়ি খালি করার জন্য নোটিশও দেওয়া হয়েছিল। অভিযোগ মওলানা সাদ তা অগ্রাহ্য করে গিয়েছিলেন। নিজামউদ্দিন কাণ্ডে মওলানা সাদ ছাড়াও, মারকাজের আরও ছয় কর্তাকেও খুঁজছে পুলিশ।

সাদকে ধরতে ইতোমধ্যেই ভারতের লখনউ, মুজফফরনগর-সহ বিভিন্ন এলাকায় দল পাঠিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। গোয়েন্দারা জানতে পেরেছেন, সাদ নিজেও করোনায় আক্রান্ত। আর বুধবার মওলানা সাদের নামে যে দু’টি অডিও প্রকাশ্যে এসেছে তা-ও সে দিকেই  ইঙ্গিত করছে।

মারকাজ ইউটিউব চ্যানেলে প্রথম অডিওতে বলা হয়েছে, ‘মসজিদই মৃত্যুর জন্য সেরা স্থান’। তবে গোপন জায়গা থেকে প্রচারিত দ্বিতীয় একটি অডিওতে বলা হয়,  ‘নিঃসন্দেহে, পৃথিবীতে যা হচ্ছে তা মানুষের অপরাধের ফল। আমাদের ঘরে থাকা উচিত। এটাই আল্লাহর ক্রোধকে শান্ত করতে পারে। চিকিৎসকদের পরামর্শ মানুন এবং প্রশাসনের সঙ্গে সহায়তা করুন। কোয়রান্টাইনে থাকুন, সে আপনি যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়ত বিরোধী নয়। সূত্র: আনন্দবাজার।

পূর্ববর্তি সংবাদহঠাৎ শিলাবৃষ্টির কবলে রাজধানীবাসী
পরবর্তি সংবাদনিষ্ঠুরতার নির্মম আখ্যান: ৬ হাসপাতালে ছুটেও চিকিৎসা না পেয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু