ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশানে ‘ফিরোজা’য় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।
ডাঃ জাহিদ হোসেন বলেন, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানে স্ত্রী ডা. জোবাইদা রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে ম্যাডামের চিকিৎসা চলছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ম্যাডামকে পূর্ণাঙ্গ সুস্থ করতে দীর্ঘ সময় লাগবে এবং আধুনিক চিকিৎসার প্রয়োজন হবে।
গত ২৫ মার্চ থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় কোয়ারেইন্টানে খালেদা জিয়ার চিকিসৎসা কার্যক্রম চলছে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধায়নে। ওইদিন বিকালে সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গুলশানে ‘ফিরোজা’য় আসেন খালেদা জিয়া। বাসায় ওঠার পর ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিতসকদের তত্ত্বাবধায়নে কোয়ারেন্টিনে তার চিকিতসা কার্যক্রম শুরু হয়। তার সাথে নার্সসহ সেবা প্রদানকারী কয়েকজন সদস্যও সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন ‘ফিরোজা’র দোতলাতে।
খালেদা জিয়ার অপর ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক জানান, করোনাভাইরাসের সংক্রামণে দেশের এবং বিশ্বের বিভিন্ন দেশের খবর পত্রিকা-পত্রিকার দেখে উনার (খালেদা জিয়া) মন খারাপ হয়ে যায়। মানুষজনের কী হবে, তারা কীভাবে বাঁচবে, গরীবদের কী হবে, তাদের চাকুরি থাকবে কিনা ইত্যাদি বিষয়ে উনি উদ্বিগ্ন। এতে উনার মনের ওপর চাপও পড়ছে। আমাদের সাথেও আলাপের সময়ে করোনার ভয়াবহতার বিষয়টি নিয়ে উনার মন খারাপ হওয়া কথাটা আমাদেরকে বলেন।
















