ইসলাম টাইমস ডেস্ক: বেসরকারি চাকরিজীবীদেরও বেতন দেবে সৌদি সরকার। করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোতে নিয়োজিত কর্মীদের বেতনের ৬০ শতাংশই সরকারের কোষাগার থেকে পরিশোধ করার ঘোষণা দেয়া হয়েছে।এতে বেসরকারি খাতের অন্তত ১২ লাখ কর্মী উপকৃত হবে।
সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যাতে কোনো কর্মীকে ছাঁটাই করতে না হয় এবং অর্থনীতি টিকিতে রাখতে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নিজে বিশাল এই আর্থিক প্যাকেজের ঘোষণা দেন। খবরে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে তারা এই প্যাকেজ সহায়তার জন্য আবেদন করতে পারবে।
আগামী তিন মাসের জন্য কর্মীদের বেতনের ৬০ শতাংশ সরকার পরিশোধ করবে।এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৬০ কোটি মার্কিন ডলার। এতে বেসরকারি খাতের অন্তত ১২ লাখ কর্মী উপকৃত হবে। একজন কর্মীর জন্য এই প্রণোদনার পরিমাণ তিন মাসে সর্বোচ্চ ৯ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ ৪৬ হাজার টাকা)।
অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, ‘জাতীয় বেকার সহায়তা ব্যবস্থা সনদের মাধ্যমে নতুন এই সহায়তা প্যাকেজ পরিচালনা করা হবে। তিন মাস এই সহায়তা দেয়ার পর বিষয়টির পর্যালোচনা করবে ফিনান্সিয়াল অথরিটি। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে নাকি বন্ধ করে দেয়া হবে।’ তিনি আরও বলেন, এপ্রিল মাসের বেতনের নগদ প্রণোদনা মে মাসের ৩ তারিখের মধ্যে অফিসগুলোতে পাঠানো হবে।
সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচজনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৫ জনে। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।
















