ইসলাম টাইমস ডেস্ক: দিন দিন বাড়ছেই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপ। চীনের পর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাকিস্তানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫ শত ৪২ জন। মৃতের সংখ্যা ৩৭ জন। পাকিস্তানে সবচেয়ে করুণ পরিস্থিতি পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাবেই করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
তবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অভূত সাফল্য দেখিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশ। মাত্র ৯ দিনে চীনের উহানের আদলে উন্নত সরাঞ্জাম বিশিষ্ট হাসপাতাল করা হয়েছে। প্রদেশটির রাজধানী লাহোরে একটি খোলা মাঠে এক হাজার শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল মাত্র নয়দিনে স্থাপন করেছে প্রাদেশিক সরকার।
প্রাদেশিক সরকার সূত্রে জানানো হয়, পাঞ্জাবে করোনা পরিস্থিতি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ। সামনের দিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই রোগীদের চিকিৎসার জন্য প্রদেশের রাজধানী এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোরের বাইরে একটি খোলা মাঠে অস্থায়ী এই হাসপাতাল স্থাপন করা হয়েছে।
লাহোরের এই অস্থায়ী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আসাদ আসলাম খান বলেন, দ্রুততম সময়ে এই হাসপাতাল স্থাপনের উদ্দেশ্য করোনা শনাক্ত হওয়া রোগীদের পৃথক পৃথক জায়গায় সুচিকিৎসা নিশ্চিত করা।
এদিকে পাকিস্তানের অন্যান্য প্রদেশেও থেমে নেই করোনার প্রকোপ। সিন্ধ প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৭ শত ৮৩ জন। পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও লকডাউন ঘোষণা প্রাদেশিক সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। জনসমাগম এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জুমআর জামাত সীমিত করতে বলা হলেও করাচিতে এক মসজিদে ব্যাপক জনসমাগম হলে পুলিশ বাধা দিতে যায়। এসময় স্থানীয় জনগণ পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করে। সূত্র: দ্যা ডন।
















