ইসলাম টাইমস ডেস্ক: সরকার কথার ফুলঝুরি ছুটিয়ে করোনার প্রকৃত অবস্থা গোপন করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিষয়টি নিয়ে জনগণের সঙ্গে কেন এতো লুকোচুরি করছে এটি বোধগম্য নয়। করোনার এমন ঘোরতর সংকটেও বাংলাদেশ সরকারের হেয়ালি দেশের জনগণকে অসহায় করে তুলেছে।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান ক্ষমতাসীন দলের নেতামন্ত্রীরা প্রতিদিন যেভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অযথা বাক্যবাণ নিক্ষেপ কিংবা পরিস্থিতি সম্পর্কে স্ববিরোধী মন্তব্য করছেন, তাতে মনে হয় সরকার এখনও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারছে না। করোনা মোকাবেলায় সরকারের সমন্বয়হীনতাও স্পষ্ট।
রিজভী বলেন, আপনারা জানেন, করোনাভাইরাসে বিধ্বস্ত বিশ্ব থেকে যতটা না সুসংবাদ আসছে তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে দুঃসংবাদ। একটি দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে, তো বাড়ছে অন্য কয়েকটি দেশে। ফলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা শেষ পর্যন্ত বাড়ছেই। প্রতিদিন আক্রান্তের সংখ্যা অতিক্রম করছে লাখের ওপর। যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি তখন গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৩ লাখের কাছাকাছি। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ৭০ হাজার মানুষ। আমাদের দেশে গত দুই দিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। যা ভীতিকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শুধু বাংলাদেশই নয় সারাবিশ্ব এক অকল্পনীয় কঠিন সংকটের মুখোমুখি।
















