ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২০। নতুন করে ৫৪ জন শনাক্ত হয়েছেন এবং মোট শনাক্তের সংখ্যা হলো ২১৮। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার অধিবাসী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অফিদধতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচাক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
নতুন শনাক্তদের বিষয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছে। বয়সের ভিত্তিতে বিচার করলে ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে সাত জন, ৬০ বছরের বেশি ১০ জন। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার ভেতরে, একজন ঢাকার অদূরে, বাকিরা ঢাকার বাইরের অধিবাসী।’
















