ইসলাম টাইমস ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শবে বরাত উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদে জমায়েত না হয়ে নিজ নিজ ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
আজ (৮এপ্রিল) সংগঠনটির নেত্রৃবৃন্দ এই আহ্বান জানান।
সরকার ঘোষিত মসজিদে জামাত সীমিত করার বিষয়টি শরীয়ত সমর্থিত বলে সংগঠনের নেতারা আবেগ বর্জন করে আলেমদের নির্দেশে নিজ নিজ ঘরে নামাজ,তাওবা, ইস্তিগফার ও ইবাদাতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় রেডিও টেলিভিশন ও বিভিন্ন প্রচার মাধ্যমে শরীয়ত গর্হিত কর্মকাণ্ড প্রচার থেকে বিরত থেকে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য গণমাধ্যম ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা।
এছাড়াও উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে সবাইকে আনুরোধ করেন সংগঠনটির নেতারা।
অপর দিকে হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী, কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী , সাধারণ সম্পাদক মাওলানা আবূল কালাম আজাদ,সহ সম্পাদক মুফতী মুহিব্বুল্লাহ, সহ সম্পাদক মাওলানা মুহাম্মদ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতী আমীর ইবনে আহমদ ও মাওলানা আব্দুল্লাহ মুকাররম প্রমুখ।
















