ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ প্রাণভিক্ষা চেয়ে যে আবেদন করেছেন, তা নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কারাবন্দি মাজেদ বুধবার প্রাণভিক্ষার আবেদন করেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন বুধবার রাত সাড়ে ৮টায় বলেন, “তিনি প্রাণভিক্ষার একটি আবেদন দিয়েছেন। আমরা সন্ধ্যার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরবর্তী আদেশের অপেক্ষায় আছি। আদেশ যাই হোক, আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি।”
রাতে বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রাণভিক্ষার ওই আবেদন পৌঁছানোর পর তা খারিজ করে দেন রাষ্ট্রপ্রধান।
এ দিকে মাজেদের স্ত্রী সালেহা বেগম, চার মেয়ে ও এক ছেলে ঢাকা সেনানিবাসের এক নম্বর রোডের একটি বাসায় থাকেন। যোগাযোগ করা হলে সালেহা বেগম বুধবার রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে বলেন, কারা কর্তৃপক্ষ তখনও তাদের সঙ্গে যোগাযোগ করেনি। প্রাণভিক্ষার বিষয়টিও তারা টিভি দেখে জেনেছেন।
















