ইসলাম টাইমস ডেস্ক: সরকারের অবহেলার কারণেই স্বাস্থ্যখাতে চরম সঙ্কট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের মাঝে পিপিই প্রদানকালে প্রধান অতিথির একথা বলেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫জন। এমন হিসাব প্রায় প্রতিদিনের। সত্যিকারার্থে জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি। সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে! তাহলে স্বাস্থ্যে খাতের এত বেহাল দশা কেনো? হাসপাতালে নেই কোনো আধুনিক সরঞ্জামাদি। পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা নেই, তেমন কোনো আইসিউ নেই, ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭শ। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট থেকে বাংলাদেশের মানুষ যাতে দ্রুত বেরিয়ে আসতে পারে সে জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ লক্ষ্যে বর্ধিত আকারে কর্মতৎপরতা শুরু করেছে উভয় সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো: আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্, প্রকৌশলী মাহবুব, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. আব্দুল করিম, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের ডা. রাকিবুল ইসলাম আকাশ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান ছাড়াও হলি ফ্যামিলি হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. এনামুল সহ চিকিৎসক, নার্স সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
















