ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ১১ দিন বাড়ানো হয়েছে সাধারণ ছুটির মেয়াদ। সাথে সাথে যুক্ত করা হয়েছে সন্ধ্যা ৬ থেকে বাড়ির বাইরে না বের হওয়ার শর্ত।
শর্তসাপেক্ষে আগামী ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এখন থেকে সন্ধা ৬টার পর ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ। একইভাবে এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর এ আদেশ জারি করা হয়েছে। এর আগে করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।
নির্দেশনায় আরো বলা হয়, অন্যান্য সাধারণ ছুটির মতো ঘোষিত এই ছুটি বিবেচিত হবে না। ছুটিকালীন নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। নির্দেশণাগুলো হলো-করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে; অতীব জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো; সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো; বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
















