ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত ইটালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ইতালি বসবাসরত ১০০ জনেরও বেশি মুসলিম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। করোনায় মৃত ইতালির মুসলিমদের জানাযা, দাফন নিয়ে প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
ইতালিতে ৮০ হাজারেরও বেশি মুসলিমের বসবাস। দেশটির মুসলিম কমিউনিটি সূত্র করোনায় আক্রান্ত হয়ে ১০০ জন মুসলিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সমাগম নিষিদ্ধ থাকায় শুরুতে মৃত্যুববরণকারী মুসলিমদের জানাযা দাফন ছাড়াই এক সপ্তাহের মতো লাশ বাড়িতে পড়েছিলো।
প্রাথমিক পর্যায়ে করোনায় মৃতদের লাশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিস্কার কোনো নির্দেশনা না থাকাই মৃত ব্যক্তিকে গোসলও দেওয়া হয়নি। এছাড়া ইতালিতে মুসলিমদের পৃথক কবরস্থান না থাকাই দাফন নিয়েও দেখা দিয়েছিল সঙ্কট।
তবে পরবর্তিতে ইতালি সরকারের পক্ষ থেকে মুসলিমদের দাফনের জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়। তবে সমাগম নিষিদ্ধ থাকাই ইতালির উলামা পরিষদের পরামর্শক্রমে জানাযা ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজনকে সেভাবেই দাফন করা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যখন জানানো হলো মৃত্যুর কিছু সময় পরে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা হ্রাস পায় তখন যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পাইপের সাহায্যে দূর থেকে লাশ গোসল দেওয়া হয়। অতপর পলিথিনে মোড়ানো কাফনে ভরে নির্দিষ্ট স্থানে দাফন করা হয়।
শুরুতে কয়েকজনকে জানাযা ছাড়া দাফন করা হলেও পরবর্তী সময়ে কয়েকজনে মিলে পারিবারিকভাবে জানাযা আদায়ের কথা জানিয়েছেন ইতালির মুসলিম কমিউনিটির একাধিক ব্যক্তি। ইতালিতে মুসলিমদের সংক্রমণ ও মৃত্যু দিন দিন কমে আসছে বলেও জানান তারা।
















