ইসলাম টাইমস ডেস্ক: করোনা শনাক্তের পর ব্যাপক সংক্রমণ এড়াতে এবার অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। এর আগে বিকালে ময়মনসিংহের চরপাড়ায় এক ডাক্তার দম্পতির করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ‘করোানাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ এর সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। ময়মনসিংহ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত হবে।’
এতে আরও বলা হয়, ‘সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
















