ভারতের রাজকোটে লকডাউনে টানা ২১ দিন গাড়িতে দুই ব্যবসায়ী!

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউনের জেরে টানা ২১ দিন গাড়িতে থেকে সচেতনতার নজির গড়লেন ভারতের রাজকোটের দুই ব্যবসায়ী। ভারতে লকডাউন শুরুর আগে গুজরাটের সুপারির বাজারে গিয়ে আটকে পড়েছিলেন ওই দুই ব্যবসায়ী। এরপর লকডাউন শুরু হয়ে গেলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আতঙ্কে গাড়িতেই থাকতে শুরু করেছেন দুজনে।

২১ দিন শেষ অপেক্ষা আরও ১৯ দিনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে যেখানে আছেন সেখানেই থেকে যান। তাই গুজরাটের সুপারি বাজারে এসে কোথাও জায়গা না পেয়ে গাড়িতেই থাকতে শুরু করেছেন দক্ষিণা কানাড়া জেলার পুট্টুরের ওই দুই ব্যবসায়ী। গাড়িই ঘর, গাড়িতেই বিছানা, গাড়িতেই কাটছে দিনরাত। প্রয়োজনে ব্যবহার করছেন স্থানীয় একটি রেস্তরাঁর শৌচাগার। কিন্তু এভাবে আর কতদিন থাকা সম্ভব?

সারাদিন গাড়িতে থাকলেও খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছে তাদের। এভাবে দিন কাটানো অসহনীয় হয়ে উঠছে তাদের জন্য। তাই স্থানীয় প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন, যেভাবে হোক তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

তাদের এই দুর্দশার খবর পেয়েই জেলার কমিশনার ভালসাদে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু থাকার জায়গাই নয়, বিনামূল্যে তারা যেন খাবার পান সেদিকেও নজর রাখার কথা জানিয়েছেন। তবে ভালসাদে এখনও পর্যন্ত করোনার প্রকোপ না পড়ায় কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছেন এই দুই ব্যবসায়ী।

জানা যায়, দুই ব্যবসায়ী আশিক হুসেন ও মোহম্মদ থাকিন ২০ মার্চ বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু গুজরাটের সুপারি বাজারে পৌঁছনোর আগেই তাদের আটকে দেওয়া হয় ২১ মার্চ। এরপর লকডাউন জারি হলে তারা বাড়িও ফিরে আসতে পারেননি।

পূর্ববর্তি সংবাদপ্রিয়তমের প্রেম-নগরী মক্কা
পরবর্তি সংবাদটিফিনের জমানো টাকা করোনায় আক্রান্তদের সহায়তায় দান করল কাশ্মীরি শিশু