ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলাটিতে চারজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী।
তিনি জানান, করোনা আক্রান্ত নারী নরসিংদী সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী। তার বাড়ি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে।
গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার দেহে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে রাতেই তার বাড়ি লকডাউন করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, খবর পেয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাড়ি থেকে কোনো ব্যক্তি বের হতে ও ঢুকতে পারবেন না।
উল্লেখ্য, পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে প্রথম করোনা রোগী শুক্রবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামে অপর দুজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
















