ইসলাম টাইমস ডেস্ক : গত ১ ডিসেম্বর শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগি সাথী ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের উপর সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামপুরা, বাসাবো ও খিলগাঁওয়ের সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়।
বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি, তাবলিগি সাথী ও উলামায়ে কেরাম এই সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বিক্ষুব্ধ জনগণ সাদপন্থীদের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইজতেমা মাঠের সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না। হামলায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি হুকুমের আসামী হিসেবে ওয়াসিফ, নাসিম, ইউনুস শিকদার, আশরাফ আলী ও ফরীদ উদ্দীন মাসউদ গংদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, বিশ্ব ইজতেমার পূর্বঘোষিত তারিখ অনুযায়ী এবারের ইজতেমা আয়োজনে যেন সন্ত্রাসী সাদপন্থীরা কোন প্রকার বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করতে হবে। হামলাকারীদের পক্ষ থেকে উলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সভায় বক্তারা উলামা ও তাবলিগের মুরুব্বিদের পক্ষ থেকে ঘোষিত ৬ দফা দাবি পেশ করে সরকার কে তা বাস্তবায়ন করার জোর দাবি জানান।
খিলগাঁও নাখজানুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ ঢালী, মাওলানা সিব্বির আহমদ কাসেমী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি আল আমিন ফয়জী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা শাহাদাত হুসাইন, মুফতি মুহাম্মাদ উল্লাহ আরমান, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন , জিম্মাদার সাথী ডা. মাসুদ হাসমী, ডা. জিয়াউল করিম, সোহরাব, হানিফ মৃধা, আবু সাঈদ, আলমগীর, হেমায়েত ও শফিক প্রমুখ।
















