ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চীন থেকে ভাইরাস শনাক্তকারী কিট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনল বাংলাদেশ বিমান বাহিনী।
রবিবার (১৯ এপ্রিল) বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে এসব চিকিৎসা সামগ্রী দেশে আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রবিবার (১৯ এপ্রিল) চীন থেকে ঢাকা ফিরেছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী চীন থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে আসে।
সামগ্রীগুলোর মধ্যে রয়েছে- করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।
















