ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণ এবং লকডাউনকে কেন্দ্র করে ভারতে মুসলিমবিদ্বেষ বা ইসলামোফোবিয়া বাড়ছে বলে মনে করছেন অনেকেই। এ বার তা নিয়ে সরব হলো ৫৭টি মুসলিম দেশের কনফেডারেশন– অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন। নিন্দা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের এক সদস্যও।
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের মানবাধিকার সংগঠন আইপিএইচআরসি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘করোনা কালে ভারতে মুসলিম বিদ্বেষ বাড়ছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করি। করোনার সংক্রমণের জন্য নির্দিষ্ট করে মুসলিমদের দায়ী করা হচ্ছে। গণমাধ্যমেও নেতিবাচক রিপোর্ট হচ্ছে। সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করুক।’
সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের এক সদস্য সম্প্রতি এ বিষয়ে টুইট করেছেন। তাঁর বক্তব্য, ‘আরবে বহু ভারতীয় কাজ করেন। প্রতি বছর শুধু মাত্র সংযুক্ত আরব আমিরাতেই ৫৫ বিলিয়ন ডলার আয় করেন ভারতীয়রা। যার লাভ পায় ভারতও। মুসলিম দেশগুলিতে কাজ করে বছরে ১২০ বিলিয়ন ডলার রোজগার করেন ভারতীয়রা। এই সমস্ত দেশে হিন্দু ভারতীয়দের সম্মানের সঙ্গে থাকতে দেওয়া হয়। কিন্তু ভারতে মুসলিমদের সঙ্গে কেমন ব্যবহার হচ্ছে, তা এখন স্পষ্ট।’
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইট করেছিলেন। যাতে বলা হয়েছিল, কোভিড-১৯ ধর্ম দেখে আক্রমণ করে না। সকলে একসঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
















